# আশুলিয়ায়  বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-betn-bonaser-dabite-posakshrmikder-manbbndhn](https://dailyfulki.com/article/asuliyay-betn-bonaser-dabite-posakshrmikder-manbbndhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6800.md](https://dailyfulki.com/news/6800.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস ও ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’ এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের নেতা-কর্মীরা জানান, কর্মসূচিতে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়ক যানজটমুক্ত রাখা, চুরি, ছিনতাই, হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আশুলিয়া শাখার সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় ফরিদুল ইসলাম বলেন, ‘ঈদ আনন্দের হলেও পোশাকশ্রমিকদের মধ্যে ওই সময় নানা দুর্ভোগ ও আতঙ্ক তৈরি হয়। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করাটা গার্মেন্টস মালিকদের নিয়মে পরিণত হয়েছে।

এ ছাড়া ঈদের সময় পরিবহনে নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের টাকা অতিরিক্ত ভাড়ায় চলে যায়। চুরি, ছিনতাই, যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি, ২০ রমজানের আগে বেতন-বোনাস পরিশোধ এবং এ সব সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
