# বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-04
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bangladeske-nzazvittik-rashtr-hisebe-gre-tulte-amra-drridhprtijng-eljiardi-mntree](https://dailyfulki.com/article/bangladeske-nzazvittik-rashtr-hisebe-gre-tulte-amra-drridhprtijng-eljiardi-mntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6788.md](https://dailyfulki.com/news/6788.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ অবশ্যই চ্যালেঞ্জিং। ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর এক দিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে। বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মির্জা ফখরুল।

পোস্টে তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার গঠন করেছে দুই সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। একই সঙ্গে একনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।

আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার ওপর আস্থা রাখার জন্য। সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কেটেছে।’
মন্ত্রী বলেন, ‘আজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ যারা অনলাইন ও অফলাইনে আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোনদের, নির্বাচন কমিশনকে, সরকারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের, একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।

বিদায়ি অন্তর্বর্তী সরকার ও তার উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের, আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের, যারা নীতিতে অটল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
