# ঈদের ছুটি বৃদ্ধির বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত কাল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-04
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eeder-chuti-brriddhir-bishye-alocna-siddhant-kal](https://dailyfulki.com/article/eeder-chuti-brriddhir-bishye-alocna-siddhant-kal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6786.md](https://dailyfulki.com/news/6786.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মতো সিয়াম সাধনের মাধ্যমে রমজান মাস পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। দেখতে দেখতেই চলে গেছে ১৩টি রোজা। আজ বুধবার (৪ মার্চ) ১৪তম রোজা পালন করছেন মুসলিমরা। ইতিমধ্যে ঈদের ছুটি পাঁচ দিন নির্ধারিত হলেও তা বৃদ্ধি নিয়ে চলছে আলোচনা।

ছুটি বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ঈদের ছুটি বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ছুটি বৃদ্ধির প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সে হিসাব ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার।
সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর হলে সেদিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

ফলে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন করে দুদিন ছুটি বাড়ানো হতে পারে।
ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে বাড়ি যেতে পারবেন, এতে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

কত দিন ছুটি বাড়ানো হতে পারে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
গত বছর ঈদে ছুটি বেশি থাকায় ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ও স্বস্থিদায়ক ছিল। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়ানোর বিষয়ে বিবেচনা করবে সরকার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
