# ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-01
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/idene-vart-oozest-indijer-bannca-mrar-lrai](https://dailyfulki.com/article/idene-vart-oozest-indijer-bannca-mrar-lrai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6712.md](https://dailyfulki.com/news/6712.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবরা। সমীকরণ এখন এমন অবস্থায় জয় মানেই আশা বাঁচানো আর হার মানেই বিদায়। সেমিফাইনালে যেতে হলে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই ভারতের।

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা-এর কাছে ৭৬ রানের বড় হার ভারতের পথ কঠিন করে দেয়। যদিও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের দাপুটে জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে। তবু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ জয়ের বিকল্প নেই সূর্যকুমার যাদবদের সামনে।

একই চাপের মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে ক্যারিবিয়ানরা। ফলে আজকের ম্যাচ কার্যত দুই দলের জন্যই ‘ডু অর ডাই’ লড়াই।

ভারতের জন্য বড় স্বস্তির খবর শেষ ম্যাচে ব্যাটাররা ছন্দে ফিরেছেন। বিশেষ করে তরুণ ওপেনার অভিষেক শর্মা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে সমালোচনায় থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।

ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া ও তিলক ভার্মার ব্যাটও রান পাচ্ছে নিয়মিত, যা ভারতের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করেছে। তবে স্পিন বিভাগে এখনো আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না ভারত। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল সুবিধা করতে না পারলেও পেস আক্রমণে ভরসা হয়ে আছেন জসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। তবে টি-টোয়েন্টির মঞ্চে যেকোনো দিন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটারে পরিপূর্ণ ওয়েস্ট ইন্ডিজ দল। সব সমীকরণ মিলে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে উত্তেজনাময় এক হাইভোল্টেজ লড়াই।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
