# নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-28
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/niymtantrik-upaye-rashtrptike-sranor-ahwan-birodheedleez-cif-huiper](https://dailyfulki.com/article/niymtantrik-upaye-rashtrptike-sranor-ahwan-birodheedleez-cif-huiper)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6675.md](https://dailyfulki.com/news/6675.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি তোলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির সময় ফুরিয়ে এসেছে এবং তাকে সরানোর জন্য যে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, তা দ্রুত শুরু করা উচিত।

এ সময় নাহিদ ইসলাম এই প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন এবং সরকারি দলের কাছ থেকেও একই ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার মব কালচার বন্ধের কথা বললেও বাস্তবে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বাসসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খল উপায়ে কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে, যা সুশাসনের পরিপন্থী। দেশে যদি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম থাকত, তবে এমন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতো না।

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, নরসিংদী ও নোয়াখালীর হাতিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বিশেষ করে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কারণে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে তা গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সবশেষে, রামপুরায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
