# রায়েরবাজারে স্কুলছাত্রী বিন্তি হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rayerbajare-skulchatree-binti-htzay-ovizukt-greptar](https://dailyfulki.com/article/rayerbajare-skulchatree-binti-htzay-ovizukt-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6638.md](https://dailyfulki.com/news/6638.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিয়াম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাঠালবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন উপকমিশনার (ডিসি)।

গতকাল বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানা এলাকার রায়েরবাজারে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় রাত সোয়া ১০টার দিকে স্বজনেরা বিন্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের বাবা বেল্লাল হোসেন জানান, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে নিচে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শুনে নেমে দেখেন, মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহতের কাঁধ ও পিঠে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার জানায়, রায়েরবাজার হায়দার হোটেলের গলির একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় তাঁরা বসবাস করেন। বিন্তি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেনের দুই সন্তানের মধ্যে বিন্তি ছিল বড়।

হাসপাতালে মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা বেল্লাল হোসেন ও মা নাদিয়া।

নিহতের মা সাংবাদিকদের বলেন, ‘রাত ৮টার দিকে বিন্তি আর তার ভাই নিচে নামে। তরকারি কিনে দিয়ে নাবিল মসজিদে যায়। পরে হইচই শুনে নিচে নেমে দেখি, আমার মেয়েকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।’

তিনি অভিযোগ করেন, ‘সিয়াম নামের ওই তরুণ কয়েক বছর ধরে মোবাইলে বিন্তিকে বিরক্ত করছিল। একদিন আমি তাকে বকাবকি করি। আজ সে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
