# জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-26
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/juniyr-brrittir-flafle-dessera-ze-skul](https://dailyfulki.com/article/juniyr-brrittir-flafle-dessera-ze-skul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6632.md](https://dailyfulki.com/news/6632.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি অর্জন করেছে-যা শতভাগ সাফল্যের বিরল দৃষ্টান্ত। এর মধ্যে ৬৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছে।

এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের ঘটনাও এটিই বলে জানা গেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এটাই সেরা সাফল্য। অন্যান্য বোর্ডেও এক প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি ও এত সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তির নজির এখনো পাওয়া যায়নি।’

প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
চিরিরবন্দর উপজেলার আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও বৃত্তিতে সাফল্য অর্জন করেছে। এর মধ্যে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ৮২ জন সাধারণ গ্রেডে বৃত্তি।

মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২৭ জন অংশ নিয়ে ১ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি। সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৩ জন ট্যালেন্টপুল ও ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
