# রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-basar-samne-skulchatreeke-kupiye-htza](https://dailyfulki.com/article/rajdhaneete-basar-samne-skulchatreeke-kupiye-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6631.md](https://dailyfulki.com/news/6631.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। পুলিশ তাকে খুঁজছে।

নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সে ব্যবসায়ী বেল্লাল হোসেন ও নাদিয়া বেগমের দুই ছেলে-মেয়ের মধ্যে বড়। হাজারীবাগের হায়দার গলির ৫তলা ভবনের ৫ম তলায় পরিবারের সঙ্গে থাকত সে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।

মেয়েকে হারিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কান্নাকাটি আর ছোটাছুটি করছিলেন বেল্লাল হোসেন ও তার স্ত্রী নাদিয়া। ব্যবসায়ী বেল্লাল বলেন, ‘রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পর হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে শিকদার মেডিক্যালে নেওয়া হয়।

এরপর ঢাকা মেডিক্যালে আনা হয়।’
নাদিয়া সাংবাদিকদের বলেন, ‘রাতে বিন্তি ও তার ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। এরপর হইচই শুনে নিচে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।’

সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন নাদিয়া।

তিনি বলেন, ‘তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিন্তিকে বিরক্ত করত। একদিন আমি সিয়ামকে মোবাইল ফোনে বকাবকি করি। আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। মেয়ে হত্যার বিচার চাই।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। জড়িত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
