# সাটুরিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-25
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saturiyar-nbbibahita-smpa-suutrdhrer-rhszjnk-mrritzu](https://dailyfulki.com/article/saturiyar-nbbibahita-smpa-suutrdhrer-rhszjnk-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6622.md](https://dailyfulki.com/news/6622.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : আশুলিয়ার শিমুলিয়া রায়পাড়া এলাকার নববিবাহিতা শম্পা সূত্রধর (১৮)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হাজীপুর বাগানবাড়ি গ্রামের অনন্ত সূত্রধর (২৮)-এর সঙ্গে।

মৃত শম্পা সূত্রধর শিমুলিয়া রায়পাড়া এলাকার অধির সূত্রধরের মেয়ে। তার স্বামী অনন্ত সূত্রধর মানিকগঞ্জ জেলার বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা। অনন্তর পিতার নাম নৃপেন্দ্র সূত্রধর।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টারদিকে শম্পার অসুস্থতার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা শম্পাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, শম্পার শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল।

স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তার মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

তারা আরও দাবি করেন, ঘটনার আগের দু’দিন আগে শম্পাকে হত্যা করে লাশ গুম করারও চেষ্টা করা হয়েছিল। তবে সেটি ব্যর্থ হওয়ায় অসুস্থতার কথা বলে পরিবারকে ডেকে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর অনন্তর পরিবারের সদস্যরা মোবাইল ফোন বন্ধ করে বাড়িঘর থেকে সরে পড়েন।

ঘটনার খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মরদেহ থানায় নেওয়া হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলা করতে গেলে সাটুরিয়া থানা পুলিশ তা গ্রহণ করেনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে সাফ জানিয়ে দেন, মেয়েটি কীটনাশক পাউডার জাতীয় বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
