# সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-25
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-senabahineer-ovizane-deseez-ostr-madksh-greptar-4](https://dailyfulki.com/article/savare-senabahineer-ovizane-deseez-ostr-madksh-greptar-4)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6609.md](https://dailyfulki.com/news/6609.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), ও মো. রাসেল (১৮)।

সেনাবাহিনী জানায়, গভীর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালনকালে সড়কে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সেনাসদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মদ, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সেবনের সরঞ্জামসহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামতসহ সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে সাধারণ মানুষ এ অভিযানের জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সাম্প্রতিক সময়ে এ চক্রটি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপকভাবে সক্রিয় ছিল। সেনাবাহিনীর দ্রুত ও দৃঢ় পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
