# নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-23
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/natore-maikrobas-oo-traker-mukhomukhi-sngghrshe-niht-6](https://dailyfulki.com/article/natore-maikrobas-oo-traker-mukhomukhi-sngghrshe-niht-6)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/657.md](https://dailyfulki.com/news/657.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।

বনপাড়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান ছয় জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২); বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহতরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে আইড়মারি এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, ‘আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসনে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
