# সিংগাইরে বাঁশঝাড়ে লুকানো বিস্ফোরকের ভাণ্ডার, সেনা অভিযানে উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-23
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-bannsjhare-lukano-bisforker-vandar-sena-ovizane-uddhar](https://dailyfulki.com/article/singgaire-bannsjhare-lukano-bisforker-vandar-sena-ovizane-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6569.md](https://dailyfulki.com/news/6569.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সম্ভাব্য নাশকতার বড় ধরনের ঝুঁকি নস্যাৎ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত ভোর সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার এক্সটিন সার্ভিস লিমিটেড থেকে প্রায় ৩০০ গজ উত্তরে অভিযান পরিচালনা করা হয়। মানিকগঞ্জ সেনা ক্যাম্পের ১১ ইবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরামের নেতৃত্বে সেনাসদস্যরা এ অভিযান চালান।

সিংগাইর থানা পুলিশ জানায়, অভিযানকালে দু’টি আইইডি বোমা, ১১টি ককটেল, দু’টি হাতবোমা, দু’টি লোহার চাপাতি, একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং দু’টি চেইন উদ্ধার করা হয়।

পরে সেনাবাহিনীর বোম নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী খোলা মাঠে হাতবোমা ও ককটেলগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ কারণে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট লেখা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
