# আশুলিয়ায় পলাতক আসামি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-platk-asami-greptar](https://dailyfulki.com/article/asuliyay-platk-asami-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6566.md](https://dailyfulki.com/news/6566.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আজিজকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুর রহমান। 

গ্রেপ্তার মো. আব্দুল আজিজ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ মন্ডল কলোনী এলাকার মো. মনির হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে চাকুরী করে আসছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ জানুয়ারী ভুক্তভোগী এক নারী আব্দুল আজিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদান করেন আদালত। পরবর্তীতে ব্যাপক তদন্ত শেষে ঢাকা জেলা পিবিআই এর উপ-পরিদর্শক জামাল হোসেন মামলাটির চার্জশীট দাখিল করলে ওয়ারেন্ট জারি করেন আদালত।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুর রহমান বলেন, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
