# স্বামীসহ চিত্রনায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-19
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/swameesh-citrnayika-rubina-nijhumer-biruddhe-greftari-proyana](https://dailyfulki.com/article/swameesh-citrnayika-rubina-nijhumer-biruddhe-greftari-proyana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6465.md](https://dailyfulki.com/news/6465.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রকারণা করে অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৯ জানুয়ারি রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী ও ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী সুরভী বেগম। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে এদিন তারা আদালতে হাজির হননি। বাদীপক্ষ থেকে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, সুরভী বেগম ও রুবিনা নিঝুম পূর্ব পরিচিত। রুবিনা ও রাহূল সুরভীর আস্থাভাজন ও বিশ্বস্ত ছিলেন। রুবিনা ও রাহূল বিভিন্ন সময় সুরভীর কাছ থেকে টাকা ধার নিয়ে যথাসময়ে ফেরত দিয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেন। সেই সুবাদে ২০২০ সালের ১ অক্টোবর রুবিনা ও রাহূল সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে ১২ লাখ টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেবেন বলে তাদের মধ্যে চুক্তিনামা সম্পাদিত হয়। রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন বলে উল্লেখ করা হয়।

পরে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অস্বচ্ছলতা দেখা দেয়। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে টাকা ফেরত চান। তবে রুবিনা ও রাহূল টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। ২২ সেপ্টেম্বর রুবিনা ও রাহূলের রামপুরার বনশ্রী বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভী। টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে সুরভীকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ বিষয়ে সুরভী রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
