# টিসিবির তেলের কার্টনে মিলল পানির বোতল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-19
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tisibir-teler-kartne-mill-panir-botl](https://dailyfulki.com/article/tisibir-teler-kartne-mill-panir-botl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6456.md](https://dailyfulki.com/news/6456.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

পঞ্চগড় সংবাদদাতা : রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে বিক্রির জন্য টিসিবির সরবরাহ করা পণ্যের একটি চালানে তেলের পরিবর্তে পানি পাঠানোর ঘটনা ঘটেছে।

পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির তেলের কার্টন খুলে সয়াবিন তেলের পরিবর্তে ৯ বোতল পানিভর্তি বোতল পাওয়া যায়। ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালানটি গ্রহণ না করে ফেরত পাঠায়।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে একটি ট্রাক থেকে পণ্য খালাসের সময় এ ঘটনা ধরা পড়ে।

ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে বোদা উপজেলা এলএসডি গুদামে পণ্য সরবরাহের জন্য আসে।
গুদাম সূত্রে জানা যায়, ট্রাক থেকে কার্টন নামানোর সময় শ্রমিকদের কাছে ওজন নিয়ে সন্দেহ হয়। পরে একটি কার্টন খুলে দেখা যায়, সেখানে ২ লিটার ধারণক্ষমতার ৯টি বোতল রয়েছে, যেগুলোতে সয়াবিন তেলের পরিবর্তে পানি ভর্তি।

বোদা উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে একটি কার্টন খোলা হলে তেলের বদলে পানির বোতল পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি যাচাই করে সংশ্লিষ্ট চালান গ্রহণ করা হয়নি। ট্রাকটি ফেরত পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
