# মাইলস্টোন ক্যাম্পাস ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mailston-kzampas-charlen-2-updeshta-oo-pres-scib](https://dailyfulki.com/article/mailston-kzampas-charlen-2-updeshta-oo-pres-scib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/643.md](https://dailyfulki.com/news/643.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দিনভর অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ছেড়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আববার। সকাল ১১ টা থেকে তারা মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সামনের ফটক দিয়ে দুই দফা বের হওয়ার চেষ্টা করেও তারা ক্যাম্পাস ছাড়তে পারেননি। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ক্যাম্পাস থেকে তারা বের হন। পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি (উত্তরা) মো: মুহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বিকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হলেও সড়কে অবরোধের কারণে তারা আবার ক্যম্পাসে ফিরে যেতে বাধ্য হন।  

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার সকাল ১১টার দিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। বিক্ষোভের কারণে কলেজের একাডেমিক ভবনে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। দুইবার পুলিশ সদস্যদের সাহায্যে বের হয়ে আসার চেষ্টা করার পরও ব্যর্থ হন তারা। দ্বিতীয়বার বের হওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সদস্যরাও ওই ভবনে ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার কথা বলা হলেও বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। এরপর বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য সেখানে উপস্থিত হন। শিক্ষার্থীরা গেটগুলোতে ব্যারিকেড দিয়ে আটকে দেন। পরে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। 

গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ ৩১ জনের মৃত্যু হয়। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
