# সাভারে নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল রিকশাচালকের মরদেহ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nikheannjer-cardin-pr-pukure-mill-rikshacalker-mrdeh](https://dailyfulki.com/article/savare-nikheannjer-cardin-pr-pukure-mill-rikshacalker-mrdeh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6373.md](https://dailyfulki.com/news/6373.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে নিখোঁজের চারদিন পর আসাদুজ্জামান (২৮) নামে এক অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শুক্রবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ঢাকা বোট ক্লাবের পাশে একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান জেলার মিঠাপুকুর থানার অভিদিয়ানুরপুর গ্রামের আজিয়ার রহমানের ছেলে। তিনি আশুলিয়ার দূর্গাপুর এলাকার চালাবাজার মহল্লায় বসবাস করতেন। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ জানায়, চারদিন আগে আসাদুজ্জামান অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে ওই রিকশাচালকের খোঁজ করেন। তবে শুক্রবার দিবাগত রাতে ওই অটোরিকশা চালককের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ওই যুবক চারদিন আগে নিখোঁজ হয়েছিল। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
