# পুলিশকে পিটিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা, আহত ৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/puliske-pitiye-greptar-awamee-leeg-netake-chiniye-nil-swjnra-aht-4](https://dailyfulki.com/article/puliske-pitiye-greptar-awamee-leeg-netake-chiniye-nil-swjnra-aht-4)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/635.md](https://dailyfulki.com/news/635.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে সিরাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ ও এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। সিরাজুলের স্বজনদের অতর্কিত হামলায় চার পুলিশ সদস্য আহত হন।

সোমাবর (২১ জুলাই) দুপুরে বগুড়ার শেরপুরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এস আই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। এতে শেরুয়া দহপাড়ার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০৭ নম্বর আসামি করা হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে সিরাজুলকে গ্রেপ্তারের পর তাকে থানায় আনার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ আকস্মিক পুলিশের ওপর হামলা চালায় এবং ধস্তাধস্তির মাধ্যমে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ তার ছেলে নজরুল ইসলাম লিটককে গ্রেপ্তার করে।

এসআই তোফাজ্জল হোসেন বলেন, আসামিকে নিয়ে আসার সময় তার ২ ছেলে, ভাতিজারা, পরিবারের সদস্য ও ২০/২৫ জন মহিলা হঠাৎ করেই পুলিশের উপর হামলা করে। এ সময় তারা পুলিশকে মারপিট করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন বলেন, পুলিশ নাশকতা মামলার ইজাহার নামীয় আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়। তখনও একই কায়দায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত থাকার অপরাধে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি সদস্য জাহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
