# বিএনপি জয়ী ১ আসনে, এগিয়ে ৩১, জামায়াত এগিয়ে ৭টিতে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bienpi-jyee-1-asne-egiye-31-jamayat-egiye-7tite](https://dailyfulki.com/article/bienpi-jyee-1-asne-egiye-31-jamayat-egiye-7tite)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6322.md](https://dailyfulki.com/news/6322.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে কিছু কিছু ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিরা এসব তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য প্রতিনিয়ত তুলে ধরছেন। ইতোমধ্যে ঝিনাইদহ-১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।  

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৪০টি আসনের ১৩৪৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি এগিয়ে রয়েছে ৩১টিতে এবং জামায়াতে ইসলামী সাতটিতে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটিতে এগিয়ে আছে।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।

সর্বমোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনি মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি এবং ২২৭ আসনে লড়ছে জামায়াতে ইসলামী।

ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় অংশ নেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
