# ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/votkkshe-taka-bitrner-ovizoge-bienpir-poling-ejentke-jrimana](https://dailyfulki.com/article/votkkshe-taka-bitrner-ovizoge-bienpir-poling-ejentke-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6301.md](https://dailyfulki.com/news/6301.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে ভোটকক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারিক আদালত। অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তানজির ইসলাম দেওরা এলাকার হাফিজুর ইসলামের ছেলে। তিনি বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ‘ধানের শীষ’ প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩–এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন এ আদেশ দেন।

বিচারিক আদালত সূত্রে জানা যায়, কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। তার বিরুদ্ধে টাকা দিয়ে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে ভোটারদের প্ররোচিত করার অভিযোগ ওঠে। নির্বাচনী আইন-২০২৫–এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় নির্বাচনী আইন, ১৯৭২–এর ৯১(বি)(২) ধারা অনুযায়ী তাঁকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, জামায়াতের এক পোলিং এজেন্ট প্রথমে এ অভিযোগ করেন। পরে প্রশাসনকে জানানো হলে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
