# সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/soiydpur-kumilla-sreeytpur-ptuyakhaleete-takash-jamayater-12-neta-atk](https://dailyfulki.com/article/soiydpur-kumilla-sreeytpur-ptuyakhaleete-takash-jamayater-12-neta-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6277.md](https://dailyfulki.com/news/6277.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নায়ায়ণগঞ্জের সোনারগাঁ, ঢাকার সূত্রাপুরে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া নোয়াখালীতে হ্যান্ডবিল ও টাকা দেওয়ার অভিযোগে জেরার মুখে পড়েন জামায়াত প্রার্থীর সমর্থকরা। সিরাজগঞ্জে টাকা বিতরণকালে জনতা ধাওয়া খেয়ে পালিয়ে যান জামায়াতের এক নেতা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে এসব তথ্য জানা গেছে।

এদিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। ওদিকে শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক করা হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। বেলা ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে আটক আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারযোগে ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন।

এদিকে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে ৭১ হাজার টাকাসহ আটক করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তাদের প্রশাসন ছেড়ে দেয়। তবে জামায়াত নেতৃবৃন্দ বলছেন, কেন্দ্র খরচের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই টাকা বিএনপির লোকজন ছিনতাই করে নিয়েছে।

ওদিকে ঢাকা-৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো. হাবিবকে আটক করে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন।

এদিকে পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেয়ার সময় কামাল হোসেন নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা। বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটককৃত কামাল হোসেন ওই ইউনিয়নের জামাতের আমির বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁয় জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে নগদ টাকাসহ তার ৩ কর্মী জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা।

এদিকে চট্টগ্রামের চন্দনাইশে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৬নং ওয়ার্ড আবদুল বারী হাটে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও রিকুইজিশন করা ১টি নোহা মাইক্রোবাসসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- মো. এনামুল হক, মো. এমরান ও গাড়ির চালক। আটকরা দাবি করেন, ওই অর্থ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুল হকের (ফুটবল প্রতীক) পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
