# আশুলিয়ায় ভুয়া সেনা সদস্য আটক, ইউনিফর্ম ও সেনা আইডি জব্দ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-vuya-sena-sdsz-atk-iunifrm-oo-sena-aidi-jbd](https://dailyfulki.com/article/asuliyay-vuya-sena-sdsz-atk-iunifrm-oo-sena-aidi-jbd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6235.md](https://dailyfulki.com/news/6235.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ভুয়া সেনা সদস্য আটক করেছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছ থেকে সেনা ইউনিফর্মের বিভিন্ন অংশ ও একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।
আটক যুবকের নাম মো. রবিউল ইসলাম (১৯)। তিনি মো. আজিজুল ইসলামের ছেলে। তার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার জয়দেব মানাষ পাড়া গ্রামে।

সেনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে ওই যুবক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে “সৈনিক রবিউল ইসলাম, ৯৬ ইস্ট বেঙ্গল” হিসেবে পরিচয় দেন।

পরবর্তীতে তার বক্তব্যে অসংগতি দেখা দিলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি সেনাবাহিনীর কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করছিলেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে যোগাযোগ করতেন এবং অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন। তার মোবাইল ফোন তল্লাশি করে সেনা ইউনিফর্ম পরিহিত অবস্থায় তোলা একাধিক ছবি পাওয়া যায়।

আটকের সময় তার কাছ থেকে আর্মির ট্রাউজারের উপরের পাট্টা ১টি, কমব্যাট চাপা গেঞ্জি ১টি, কমব্যাট কালারের গেঞ্জি ১টি, কমান্ডো লোগোযুক্ত কমব্যাট ব্যাগ ১টি, লেমিনেটিং করা সেনা আইডি কার্ড, জন্ম নিবন্ধনসহ স্কুল ও কলেজের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।

সেনা গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
