# দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/duurpallar-bas-clacle-ntun-siddhant](https://dailyfulki.com/article/duurpallar-bas-clacle-ntun-siddhant)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6224.md](https://dailyfulki.com/news/6224.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন বাস চলাচলে নিষেধাজ্ঞা না থাকলেও কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে।

রবিবার মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলবে। তবে ওই দিনের টিকিটের খুব বেশি চাহিদা পাওয়া যায়নি। অবশ্য ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছে।

ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। সেজন্য অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোট শেষ হওয়ার পরে রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
