# ডা. না হয়েও পদবি ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/da-na-hyeoo-pdbi-bzbhar-jamayat-prartheeke-sokj](https://dailyfulki.com/article/da-na-hyeoo-pdbi-bzbhar-jamayat-prartheeke-sokj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6202.md](https://dailyfulki.com/news/6202.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফেনী সংবাদদাতা : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব পালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা তাকে এ নোটিশ প্রদান করেন।

 

নোটিশে উল্লেখ করা হয়, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনী হলফনামায় ডা. পদবি উল্লেখ করেননি, যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

 

এ ছাড়া এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

 

নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মোহাম্মদ ফখরুদ্দিন মানিক অভিযোগ করেছেন, তার ‘ডা.’ পদবি নিয়ে মিথ্যা অপপ্রচার ও সম্মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিস্তারিত উল্লেখ করেছেন তিনি।

 

মোহাম্মদ ফখরুদ্দিন মানিক জানান, আচরণবিধি লঙ্ঘন, শোকজ ও শাস্তি নির্বাচনী প্রক্রিয়ার অংশ। অভিযোগ এবং শোকজ করলে তা অভিযোগ প্রমাণিত হয় না। অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুঝতে অথবা জানতে না পারলে তা সুস্পষ্টভাবে বোঝার জন্য শোকজ করেন। শুনানিতে তা সমাধান হয়ে যায়।

 

ডা. পদবি নিয়ে যে অর্থে মিথ্যাচার এবং অপপ্রচার করা হচ্ছে, তা একটি সেটেল্ড ইস্যু। আমার বিজয়ের সম্ভাবনায় ভীতসন্ত্রস্ত হয়ে প্রতিপক্ষ এই ষড়যন্ত্র এবং কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। অচিরেই তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, ‘‘আমার ‘বিএইচএমএস’ (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ৫ বছরের কোর্স এবং ১ বছরের ইন্টার্নশিপ। হোমিওপ্যাথিক গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করার পরে নামের আগে ডাক্তার (ডা.) পদবি লেখা আইন দ্বারা স্বীকৃত।

 

এ ছাড়া হোমিওপ্যাথিক গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি, যার অধীভুক্ত (এমবিবিএস এবং বিডিএস কোর্স) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি সার্কুলারের মাধ্যমে বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ (ঢাকার মিরপুর ১৪-তে অবস্থিত), যেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।’’

 

তিনি আরো বলেন, ‘ডা. পদবি বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল ২০২৩ দ্বারা স্বীকৃত, যা বিগত সংসদে পাস হয়েছিল এবং গেজেট আকারে প্রকাশিত। এ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা মামলা করেছিল, সেই মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে। হলফনামায় আমার সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নম্বরও সাবমিট করা হয়েছে, যেখানে পেশা হিসেবে চিকিৎসক পদবি উল্লেখ করা আছে।’

এ বিষয়ে হয়রানি ও সম্মানহানিসহ আরো যেসব তথ্য আছে, সে বিষয়ে উচ্চ আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
