# তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর গকসু ভিপির ছাত্রদলে যোগদান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-07
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tarek-rhmaner-sngoe-sakshater-pr-gksu-vipir-chatrdle-zogdan](https://dailyfulki.com/article/tarek-rhmaner-sngoe-sakshater-pr-gksu-vipir-chatrdle-zogdan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6183.md](https://dailyfulki.com/news/6183.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলটির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন। 

রাতে এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে এই বিষয়টি নিশ্চিত করেন ভিপি মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেও।

গকসু ভিপি মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মতাদর্শের সঙ্গে আমার নিজস্ব চিন্তার মিল পাওয়ার কারণেই আমি এই দলে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, চিন্তাধারা ও রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার আদর্শের একটি সুস্পষ্ট মিল খুঁজে পাই। তার সঙ্গে কথা বলা ও সরাসরি দেখা করার পর তার কথাবার্তা এবং রাজনৈতিক মতাদর্শ আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্য মনে হয়েছে। এই মিল থেকেই আমি মনে করেছি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

দীর্ঘ ৭ বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
