# নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-06
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacnee-opradher-drut-bicar-niscite-657-judisiyal-mzajistret-mnonzn](https://dailyfulki.com/article/nirwacnee-opradher-drut-bicar-niscite-657-judisiyal-mzajistret-mnonzn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6161.md](https://dailyfulki.com/news/6161.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের জন্য নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠায়।

মনোনয়নপত্রে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট পাঁচ দিন (১০ থেকে ১৪ ফেব্রুয়ারি) দায়িত্ব পালনের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংঘটিত নির্বাচনী অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
