# মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বড় সুখবর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/muktizoddhader-vata-niye-br-sukhbr](https://dailyfulki.com/article/muktizoddhader-vata-niye-br-sukhbr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6077.md](https://dailyfulki.com/news/6077.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসেবে জমা না হওয়ায় তৈরি হওয়া জটিলতা কেটে গেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে সব সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন।

সাধারণত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাতার টাকা ব্যাংকে জমা হয়। সেই নিয়ম অনুযায়ী, গত ২৯ জানুয়ারি টাকা জমা হওয়ার কথা ছিল।

কিন্তু ওই দিন টাকা জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আজ (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় দুশ্চিন্তা আরো বাড়ে। 

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পৌঁছাতে পারেনি। ফলে সুবিধাভোগীরা সাময়িক জটিলতায় পড়েছেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। আমরা আশা করছি আগামীকালের (সোমবার) মধ্যে সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন।’
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণের এই প্রক্রিয়াটি এখন ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
