# সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-greptar-23-posakshrmikke-karagare-prern](https://dailyfulki.com/article/savare-greptar-23-posakshrmikke-karagare-prern)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6035.md](https://dailyfulki.com/news/6035.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কারখানা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাভারে নারীসহ গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিয়াম প্রামাণিক (৩৩), আলাল শেখ (৩৬), আব্দুল মমিন (৩৪), মো. ইমন (৩০), বিন্দু সরকার (২৭), ময়না আক্তার (৩১), জুলহাস (৩২), মো. সুমন (২৩), মো. আশিক মিয়া (২৮), আব্দুর রহিম মিয়া (৩২), সোহরাব মিয়া (৪৭), সবুজ মিয়া (২৯), মো. সালামুল (২৯), লাবনী (৩৮), সাবিনা (৪৪), রেশমা (৩৩), রবিউল ইসলাম (২৯), মৌসুমি খাতুন (৩০), সোরাওয়ার (৫১), মো. সুজন মিয়া (৩৫), তাজ নাহার আক্তার (৩২), মো. মানিক (৩৩) ও স্মৃতি বেগম (৩৮)।

পুলিশ জানায়, ২৪ জানুয়ারি সকালে সাভারের দিলখুশাবাগ এলাকায় সাভার-বিরুলিয়া রোডের পাশের গ্লোবাল ফ্যাশনস গার্মেন্টস ও গ্লোবাল আউট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা কারখানায় ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালান। ওই ঘটনায় মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের আসামি করে সাভার থানায় মামলা করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কারখানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মালিকপক্ষ মামলা করেছে। ওই মামলায় সাত নারীসহ ২৩ জন শ্রমিককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
