# বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/banglades-vrmne-strkta-jari-zuktrajzer](https://dailyfulki.com/article/banglades-vrmne-strkta-jari-zuktrajzer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6016.md](https://dailyfulki.com/news/6016.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে।

নোটিশে বলা হয়েছে, এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত।

এ ছাড়া এফসিডিও বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। নোটিশে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়ও অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এসব অঞ্চলে ভ্রমণ না করার কারণ হিসেবে বলা হয়েছে, এসব অঞ্চলে—বিশেষ করে প্রত্যন্ত এলাকায়—সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এফসিডিও নোটিশে বলা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এতে নির্বিচার হামলার ঘটনাও ঘটতে পারে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
