# নির্বাচনী মহড়া জয়পুরহাট সদরের ‘জিম্মি ইউএনওকে’ উদ্ধার করে দেখাল আইনশৃঙ্খলা বাহিনী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-28
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacnee-mhra-jypurhat-sdrer-jimmi-iuenooke-uddhar-kre-dekhal-ainshrrinkhla-bahinee](https://dailyfulki.com/article/nirwacnee-mhra-jypurhat-sdrer-jimmi-iuenooke-uddhar-kre-dekhal-ainshrrinkhla-bahinee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6003.md](https://dailyfulki.com/news/6003.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমানকে তাঁর কার্যালয়ে ঢুকে দুই দুর্বৃত্ত জিম্মি করেছে—এমন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় বুধবার দুপুরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা। পরে কমান্ডো কায়দায় অভিযানে নেমে দুই দুর্বৃত্তকে আটক এবং ইউএনওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি বাস্তব নয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর একটি মহড়ার অংশ ছিল পুরো দৃশ্যটি।

বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। পরিকল্পিতভাবে ইউএনও কার্যালয়ে ‘দুর্বৃত্ত প্রবেশ’ ও ‘জিম্মি পরিস্থিতি’ তৈরি করা হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারদিক ঘিরে ফেলে কৌশলগত অবস্থান নেন। মুহূর্তেই এলাকায় সাইরেন, দৌড়ঝাঁপ আর অস্ত্রধারী সদস্যদের তৎপরতায় থমথমে পরিবেশ তৈরি হয়।
মহড়া ঘিরে উপজেলা পরিষদের সামনের সড়কে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই প্রথমে ঘটনাটিকে বাস্তব ভেবে আতঙ্কিত হলেও পরে বিষয়টি জানার পর স্বস্তি প্রকাশ করেন। স্থানীয় ব্যবসায়ী মো. সোহেল রানা বলেন, ‘হঠাৎ করে দেখি চারদিক থেকে পুলিশ আর সেনাবাহিনী দৌড়ে আসছে। আমরা ভেবেছিলাম সত্যি কোনো বড় ঘটনা ঘটেছে। পরে শুনলাম মহড়া, তখন বুঝলাম নিরাপত্তার জন্যই এসব প্রস্তুতি।’

আরেকজন পথচারী রুবিনা বেগম বলেন, ‘প্রথমে খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল সিনেমার মতো কিছু হচ্ছে। পরে জানলাম নির্বাচন সামনে রেখে মহড়া। তখন ভালোই লাগল—কমপক্ষে তারা প্রস্তুত আছে।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা বা জিম্মি পরিস্থিতির মতো ঘটনা মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি যাচাই এবং আন্তবাহিনী সমন্বয় জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় অংশ নেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা। জিম্মি উদ্ধার, ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ, দ্রুত সমন্বয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা যাচাই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতেই এ ধরনের মহড়া করা হয়। এতে সংশ্লিষ্ট সবার প্রস্তুতি যাচাই হয় এবং বাস্তব পরিস্থিতিতে কাজ করা আরও সহজ হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
