# বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসিআর জমা ৯ মার্চ শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-27
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bisies-siksha-kzadar-krmkrtader-esiar-jma-9-marc-suru](https://dailyfulki.com/article/bisies-siksha-kzadar-krmkrtader-esiar-jma-9-marc-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5967.md](https://dailyfulki.com/news/5967.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক হতে অধ্যাপক পর্যায়ের সব কর্মকর্তার ২০২৫ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিলের অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (২৬ জানুয়ারি) অধিদফতরের উপ-পরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ অনুযায়ী প্রতিবছর ৩১ মার্চের মধ্যে প্রতিস্বাক্ষরকারীকে এসিআর-এর নির্ধারিত অংশ পূরণ ও স্বাক্ষর করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হয়। এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন ও যাচাই-বাছাইয়ের লক্ষ্যে অঞ্চলভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ রংপুর অঞ্চলের এসিআর জমার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এরপর ১০ মার্চ চট্টগ্রাম, ১১ মার্চ সিলেট ও কুমিল্লা, ১২ মার্চ রাজশাহী, ১৫ মার্চ খুলনা, ১৬ মার্চ বরিশাল এবং ২৯ মার্চ ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের অনুবেদন জমা দিতে হবে।

এছাড়া ঢাকা অঞ্চলের (মহানগরী ব্যতীত) জন্য ৩০ মার্চ এবং ঢাকা মহানগরীর কর্মকর্তাদের জন্য ৩১ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

অফিস আদেশে আরও জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সকল সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, টিটি কলেজ, এনসিটিবি, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকল অফিস প্রধানকে বর্ণিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখে মাউশির ‘এসিআর শাখা’য় কর্মকর্তাদের অনুবেদন আবশ্যিকভাবে জমা দিতে হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এই সময়সীমা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে অধিদফতর।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
