# ধামরাইয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকার চাল লুট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-oto-rais-mile-durdhrsh-dakati-sare-8-lakh-takar-cal-lut](https://dailyfulki.com/article/dhamraye-oto-rais-mile-durdhrsh-dakati-sare-8-lakh-takar-cal-lut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5965.md](https://dailyfulki.com/news/5965.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ধামরাই প্রতিনিধি : ধামরাই পৌর এলাকার একটি অটো রাইস মিলে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে মিলের নৈশ প্রহরী ও শ্রমিকদের জিম্মি করে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টারদিকে ধামরাই পৌরসভার আইঙ্গণ এলাকায় অবস্থিত বিসমিল্লাহ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল রাতের আঁধারে মিলের পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে মিলের নৈশ প্রহরীসহ চারজন কর্মচারীকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর একটি ট্রাক মিল চত্বরে ঢুকিয়ে বিপুল পরিমাণ চাল বোঝাই করে নিয়ে যায়। মিলের নৈশ প্রহরী মো. হযরত আলী জানান, ডাকাতরা তার গলায় চাকু ঠেকিয়ে প্রথমে তাকে বেঁধে ফেলে। পরে অন্য শ্রমিকদেরও একইভাবে বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়। ডাকাতরা চলে যাওয়ার পর এক শ্রমিক তার হাতের বাঁধন খুলে দিলে তারা বাইরে বের হন এবং বিষয়টি মিল মালিককে জানানো হয়। 

এ ঘটনায় চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু আমাকে জানানো হয় সকাল ৭টার দিকে। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। এই ঘটনা এতো দেরিতে জানানোয় আমি বিষয়টি সঠিকভাবে বুঝতে পারছি না এটা ডাকাতি না অন্য কিছু। 

আরেক চাল ব্যবসায়ী ফরিদ বলেন, ডাকাতির ঘটনা রাত ৩টার দিকে ঘটলেও, আমাকে সকাল ১০টার দিকে ঘটনা জানানো হয়। আমি ঋণ করে ব্যবসা চালাচ্ছি, এখন কী করব বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
