# সাভারে বিরুলিয়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, জনমনে আতঙ্ক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-24
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-biruliya-srke-gach-fele-dakatir-ceshta-jnmne-atnk](https://dailyfulki.com/article/savare-biruliya-srke-gach-fele-dakatir-ceshta-jnmne-atnk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5923.md](https://dailyfulki.com/news/5923.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় সড়কে গভীর রাতে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেটকারের চালক গাড়ি না থামিয়ে ঝুঁকি নিয়েই তার পরিবহণটি নিয়ে নিরাপদে সড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাতদল পেছনদিক থেকে হামলা চালিয়ে গাড়িটি ভাংচুর করে। এ হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টারদিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রাজাশন-বিরুলিয়া সড়কের ছোট কালিয়াকৈর বড়ঢালে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে প্রাইভেটকারের ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সেদিন রাতে ডাকাতদের কবলে পড়া প্রাইভেটকারে থাকা বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের ছেলে ফয়সাল মাহমুদ অর্ণব বলেন, সেদিন রাতে আমরা সবাই সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। বিরুলিয়ার আকরাইনে নিজ বাড়ী ফেরার জন্য আমরা রাজাশন-বিরুলিয়া সড়ক ধরে কালিয়াকৈর বড়ঢাল এলাকার কাছাকাছি পৌঁছালে দেখতে পাই সড়কে একটি ট্যাংকার লড়ি ও তার পেছনে একটি অটোরিকসা দাড়িয়ে আছে। এসময় সামনেরদিক থেকে দেখি মুখ বাধা কয়েকজন গাড়ির দিকে এগিয়ে আসছে, তাদের হাতে রামদা ছিল। এসময় ড্রাইভার গাড়ি একটু স্লো করে দ্রুত গাড়ির দরজা জানালা লক করে তাদের পাশ কাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে। সামনে এগুতেই দেখি সড়কের উপর গাছ ফেলে রাখা হয়েছে। পরে গাছের উপর দিয়েই গাড়ি চালিয়ে কোনরকমে ওই স্থান ত্যাগ করে আমাদের চালক। 

অর্ণব আরো জানান, ডাকাতরা আমাদের কাছ থেকে কিছু নিতে পারেনি, তবে এঘটনায় আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়ি। ‘ডাকাত দলকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করার সময় দুর্বৃত্তরা আমাদের গাড়ি ভাংচুর করেছে। তারা গাড়ির বা পাশের দরজা ভাঙ্গার পাশাপাশি গাড়ির পেছনের অংশও ভাংচুর করেছে’।

এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমীন বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০০ গজ দূরত্বেই আমরা টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এসময় দ্রুত বাঁশি বাজানোর পাশাপাশি দুর্বৃত্তদের ধরার চেষ্টা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, আমরা কালিয়াকৈর ঢালে, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাকসহ আরও দুটি গাড়িকে সেখানে আটক থাকতে দেখি। যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাওয়ায় ডাকাতরা কারো কাছ থেকে কিছু নিতে পারেনি। মূলত ওরা সড়কটিতে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। 
তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি”।

স্থানীয়রা জানান, সাভারের রাজাশন-বিরুলিয়া সড়কে প্রায় রাতেই ডাকাতির ঘটনা ঘটে। রাত ৮-৯টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। অনেকেই রাতে ওই সড়ক এড়িয়ে চলেন। তবে মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হলেও পরবর্তীতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে সড়কটিতে চলাচলকারীরা আতঙ্কের মধ্যেই থাকেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
