# সিংগাইরে রাতে মাটি কাটায় জরিমানা ৪ লাখ টাকা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-23
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-rate-mati-katay-jrimana-4-lakh-taka](https://dailyfulki.com/article/singgaire-rate-mati-katay-jrimana-4-lakh-taka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5895.md](https://dailyfulki.com/news/5895.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)  প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকে রাত আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, মাটি ব্যবসায়ী চক্র প্রশাসনের তৎপরতা টের পেয়ে দিনে কাজ বন্ধ রেখে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এরই প্রেক্ষিতে সিংগাইর উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে চারটি স্থানে চলমান মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়। এছাড়া বায়রা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় পুলিশ, গ্রাম পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সচেতন জনগণ সক্রিয়ভাবে সহায়তা করেন।

এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকা সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন জানান, জনস্বার্থে অবৈধ মাটি কাটাসহ সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
