# নির্বাচনি প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না : ইসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacni-prcare-votarer-enaidi-snggrh-kra-zabe-na-isi](https://dailyfulki.com/article/nirwacni-prcare-votarer-enaidi-snggrh-kra-zabe-na-isi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5886.md](https://dailyfulki.com/news/5886.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : নির্বাচনি প্রচারের আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা যাবে না বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না।

এতে আরও বলা হয়, এ ছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশন সব নাগরিক ও সংগঠনকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
