# কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা শুরু করবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kon-dl-kothay-nirwacnee-prcarna-suru-krbe](https://dailyfulki.com/article/kon-dl-kothay-nirwacnee-prcarna-suru-krbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5876.md](https://dailyfulki.com/news/5876.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বৃহস্পতিবার শুরু হলো নির্বাচনী প্রচার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে পর্যায়ে সংসদ নির্বাচনী প্রচারণার ঘণ্টা বেজে উঠলো। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো।

বিধি মোতাবেক, প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন।

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আজ সকালে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বিএনপি। সিলেটের এই সমাবেশসহ প্রথম দিনেই মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অন্যদিকে আজ বেলা দুইটায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমানসহ ১০–দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এই জনসভাস্থলটি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী এলাকার (ঢাকা–১৫) মধ্যে।

আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)। জিয়ারত শেষে প্রচার কর্মসূচি তিন নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ পর্যায়ের নেতারা প্রচারে অংশ নেবেন বলে দলটি জানিয়েছে।

আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে সিপিবি।

আর সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনী প্রচার শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
