# সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-21
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/silete-pounnche-majar-jiyarte-zacchen-tarek-rhman](https://dailyfulki.com/article/silete-pounnche-majar-jiyarte-zacchen-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5867.md](https://dailyfulki.com/news/5867.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট পৌঁছেছেন। প্রায় ২১ বছর পর তিনি সিলেট সফরে এলেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি বিএনপির লাল-সবুজ বাসযোগে সিলেট নগরের উদ্দেশে রওয়ানা দেন।

 

নগরে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন। 

 

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। রাত ৮টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

 

দুই ওলির মাজার জিয়ারত শেষে তারেক রহমান রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরামপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যাবেন। দক্ষিণ সুরমার বিরামপুরে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

 

বিএনপির সূত্রে জানা গেছে, সিলেটে এসে মাজার জিয়ারত শেষে তারেক রহমান বিরামপুরে শ্বশুরবাড়িতে আসবেন। সেখানে এক দেড় ঘণ্টা অবস্থান করবেন তিনি।

 

রাতে নগরের বিমানবন্দর সড়কে পাঁচতারা হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ তিনি রাত্রিযাপন করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেটে ১৩০ জন অরাজনৈতিক তরুণকে নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় যোগ দেবেন। পরে সকাল ১১টার দিকে সমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। সেখানে ভাষণ দেবেন তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
