# সিলেটের পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-21
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sileter-pthe-bienpir-cezarmzan-tarek-rhman](https://dailyfulki.com/article/sileter-pthe-bienpir-cezarmzan-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5861.md](https://dailyfulki.com/news/5861.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।

মাহাদী আমীন বলেন, ‘এসব সমাবেশে অংশ নিয়ে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান ইনশাআল্লাহ।’

ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা জানিয়ে তিনি আরও বলেন, তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবেন এবং দেশের জন্য তাদের যে সংগ্রাম, তাকে মূল্যায়িত করবেন।

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সিলেট সফরে যাচ্ছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতা। সামনের সফরগুলোতে আরও অনেক ত্যাগী নেতা সম্পৃক্ত হবেন বলে জানানো হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
