# জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে বিএমডিসির শোকজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-20
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayat-neta-da-khalidujjamanke-biemdisir-sokj](https://dailyfulki.com/article/jamayat-neta-da-khalidujjamanke-biemdisir-sokj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5834.md](https://dailyfulki.com/news/5834.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সোমবার (১৯ জানুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।

বিএমডিসির অভিযোগ, আপনার (ডা. খালিদুজ্জামান) প্রচারপত্রে নামের পাশে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন। এ বিষয়ে আপনার প্রচারপত্রের কপিসহ আবদুল কাদের (বাড়ি নম্বর ১৭, আজিমপুর রোড, আজিমপুর, লালবাগ, ঢাকা-১২০৫) কাউন্সিলকে অবহিত করেন (ফটোকপি সংযুক্ত)। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়—এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে চিকিৎসকের প্রতারণার শামিল। এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

এ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর সংশ্লিষ্ট ধারা উদ্ধৃত করা হয়েছে—

ধারা ১৩: মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমার স্বীকৃতি। (১) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কোনো ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিগ্রি ব্যবহার করতে চাইলে তা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে।

ধারা ২৯: জাল পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ। (১) এই আইনের অধীন নিবন্ধিত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তাঁর কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে, যদি না তা কোনো স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে।

(২) কোনো ব্যক্তি উপধারা (১)-এর বিধান লঙ্ঘন করলে উক্ত লঙ্ঘন একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তজ্জন্য তিনি তিন বছর কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধ অব্যাহত থাকলে প্রত্যেকবার পুনরাবৃত্তির জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা অর্থদণ্ড, বর্ণিত দণ্ডের অতিরিক্ত হিসেবে, আরোপ করা হবে।

বিএমডিসি জানায়, এ অবস্থায় আপনার ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়, তা ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত নিবন্ধন নম্বর উল্লেখ করে পত্র প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করতে বলা হলো।

এ বিষয়ে ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, নোটিশ এখনো হাতে পাইনি। এই অভিযোগের কোনো সত্যতা নেই এবং রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্যই অভিযোগ আনা হয়েছে। আপনি যাচাই করে দেখতে পারেন।

তিনি আরও বলেন, আমাদের সেবায় সফলতার হার সর্বোচ্চ এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে। আমি এভারকেয়ার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও কাজ করেছি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
