# বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-19
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/badday-otoriksha-calkder-srk-obrodh-voganti](https://dailyfulki.com/article/badday-otoriksha-calkder-srk-obrodh-voganti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5805.md](https://dailyfulki.com/news/5805.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এ কর্মসূচিতে নেমেছেন। এই অটো চললে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। তাদের অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ আছে। ফলে সকাল থেকেই মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে। আবার রাস্তা অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরো কয়েকগুণ বেড়ে গেছে।

আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছি বলেও জানান তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
