# নির্বাহী হাকিমকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় রুমিন ফারহানাকে তলব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-19
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwahee-hakimke-brriddhangouli-dekhanoy-rumin-farhanake-tlb](https://dailyfulki.com/article/nirwahee-hakimke-brriddhangouli-dekhanoy-rumin-farhanake-tlb)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5800.md](https://dailyfulki.com/news/5800.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাহী হাকিমকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় তলব করেছে রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে ২২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) তাকে তলব করে চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।

চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪-৫টার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ৪০০/৫০০ জন লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন।

যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এ সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি দেন। ঘটনার এক পর্যায়ে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন "আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।
" এসময় আপনার অন্যান্য কর্মী সমর্থকরাও মারমুখী আচরণ করে।
চিঠিতে আরও বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি
হয়েছে।

এই অবস্থায় ঘটনাসমূহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করায় আপনাকে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় বা তদপূর্বে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায় আপনার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠি অনুলিপি ইসি সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে। রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
