# যেসব দেশে গণভোট হয়, সেখানে হ্যাঁ বা না ভোটের পক্ষ নেয় সরকার : প্রেসসচিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zesb-dese-gnvot-hy-sekhane-hzann-ba-na-voter-pksh-ney-srkar-presscib](https://dailyfulki.com/article/zesb-dese-gnvot-hy-sekhane-hzann-ba-na-voter-pksh-ney-srkar-presscib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5745.md](https://dailyfulki.com/news/5745.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ব্রাহ্মণবাড়িয়া সংবাদাতা : যেসব দেশেই গণভোট হয়, সেসব দেশে সরকার হ্যাঁ বা না ভোটের পক্ষ নেয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব মো. শফিকুল আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লার (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে।

এখন বলা যেতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষামাত্র।
তিনি আরও বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম। কারণ পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এ সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।

মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। যাতে এদেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহি দৈত্য দানব না হয়, সেজন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। 
তিনি বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে পারেনি। তবে এবার মানুষ ভোট দিতে পারবে।

এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে, তাদের কোনো পক্ষপাতিত্ব নেই। 
পরে তিনি মাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় আখাউড় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার ভূমি (আখাউড়া) কফিল উদ্দিন মাহমুদ, হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লার (র.) মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
