# ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-aj-biswer-sbceye-duushit-shr](https://dailyfulki.com/article/dhaka-aj-biswer-sbceye-duushit-shr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5708.md](https://dailyfulki.com/news/5708.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৭২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।

আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪০ গুণ বেশি রয়েছে। 
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে রাজধানীর খিলক্ষেত এলাকায়। একিউআই স্কোর ৩০০-এর বেশি হলে যেখানে বাতাসের মান দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয় সেখানে আজ খিলক্ষেত এলাকায় বাতাসের একিউআই স্কোর বিরাজ করছে ৪৬১। বায়ুদূষণের তালিকায় এর পরেই রয়েছে ধানমণ্ডি (৩৮৮), দক্ষিণ পল্লবী (৩০৬), বেচারাম দেউড়ি (৩০৬) এলাকায়।

এসব এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮৫), কল্যাণপুর (২৭৭), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৭৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫১) এবং গোড়ান (২৩৫) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
