# সিংগাইরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-13
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-brijer-nic-theke-ojngat-bzktir-las-uddhar](https://dailyfulki.com/article/singgaire-brijer-nic-theke-ojngat-bzktir-las-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5673.md](https://dailyfulki.com/news/5673.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ সিংগাইর(মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক স্থানীয় নারী ব্রিজের নিচে খালের মধ্যে কচুরিপানার ভেতর মানুষের অবয়ব দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে সেটি একটি মানুষের লাশ। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে শান্তিপুর তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পুলিশ লাশটি খালের তীরে তুলে মুখমন্ডল শনাক্তের চেষ্টা করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে চিনতে পারেন। তারা পুলিশকে জানান, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ছিলেন। স্থানীয় ইউপি সদস্য সেলিম জানান, গত প্রায় তিন মাস ধরে ওই ব্যক্তি সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন।

স্থানীয়রা আরও জানান, ওই ব্যক্তি প্রায়ই খাল, বিল ও নদীর পানিতে নেমে থাকতেন। ধারণা করা হচ্ছে, তীব্র শীতের মধ্যে পানিতে নামার পর আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এক স্থানীয় নারী জানান, তিনি এর আগে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন। সে সময় ওই ব্যক্তি নিজেকে রংপুর জেলার বাসিন্দা বলে পরিচয় দেন। পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সিংগাইর থানার অন্তগত বাঘুলি -শান্তিপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরবিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট  পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
