# ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-13
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/islamee-frnter-prarthee-tahereer-31-vri-swrn-streer-name-kichui-nei](https://dailyfulki.com/article/islamee-frnter-prarthee-tahereer-31-vri-swrn-streer-name-kichui-nei)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5668.md](https://dailyfulki.com/news/5668.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

হলফনামায় তাহেরী তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে কোনো সম্পদ দেখাননি। এমনকি স্ত্রীর কোনো গয়না বা নগদ অর্থ না থাকার বিষয়টিও হলফনামায় উল্লেখ করেন এই আলোচিত ইসলামি বক্তা।

হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, তাহেরীর কৃষি খাত থেকে বছরে আয় হয় ২৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা থেকে আয় ৭ লাখ ৯১ হাজার। আর ব্যাংক আমানতের মুনাফা থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা। নগদ অর্থ ৪১ হাজার ২৮৬ টাকা। ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। সোনা আছে ৩১ ভরি, যার মূল্য ৬ লাখ টাকা। এ ছাড়া আসবাব আছে ৫ লাখ টাকার। কৃষিজমি ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার, যার বর্তমান মূল্য ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা দেখানো হয়েছে। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় তাহেরী জানিয়েছেন, তিনি পেশায় ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে, সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছুই নেই; এমনকি সোনার গয়নাও নেই।

হলফনামায় তাহেরী উল্লেখ করেন, তাঁর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তাঁর শ্বশুরবাড়ি। সে সূত্রে তিনি এই আসনে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, সবগুলো চলমান। ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
