# বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে চীনে সরকারি প্রতিনিধি দল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-20
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biniyog-smvabna-tule-dhrte-ceene-srkari-prtinidhi-dl](https://dailyfulki.com/article/biniyog-smvabna-tule-dhrte-ceene-srkari-prtinidhi-dl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/566.md](https://dailyfulki.com/news/566.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) সম্ভাবনা তুলে ধরতে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।

এ দলে রয়েছেন বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএ’র প্রতিনিধিরা।

 

রোববার বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিডা জানায়, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সফরে প্রতিনিধি দল চীনের সাংহাই ও গুয়াংজুতে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছে। ২১ জুলাই সাংহাইয়ে বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে বিনিয়োগ সেমিনার হবে। সেমিনারে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের ১০০টিরও বেশি চীনা কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমাদের এই সফর ঘিরে যে আগ্রহ দেখা দিয়েছে, তাতে আমরা অত্যন্ত উৎসাহিত। আমরা চীনা কোম্পানিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশায় রয়েছি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা প্রদান করব।’ 

বিডা আরও জানায়, এ সফর বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
