# ৮ জেলায় শৈত্যপ্রবাহ, দেশজুড়ে তাপমাত্রা বেড়েছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/8-jelay-soitzprbah-desjure-tapmatra-bereche](https://dailyfulki.com/article/8-jelay-soitzprbah-desjure-tapmatra-bereche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5650.md](https://dailyfulki.com/news/5650.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

এক দিনের ব্যবধানে আজ সোমবার দেশের সার্বিক তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

এ তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। রাজধানীর তাপমাত্রাও আজ খানিকটা বেড়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল—৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে।

 

সেই সঙ্গে আজ কমেছে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা। আজ দেশের ৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল এই সংখ্যা ছিল ১০।

আজ সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার বিশেষ করে চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর আগামী বৃহস্পতিবার থেকে দেশের সার্বিক তাপমাত্রা আবার কমা শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, আজ সার্বিকভাবে তাপমাত্রা গতকালের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে তাতে যে শৈত্যপ্রবাহ একেবারে কমে যাবে, তা নয়। আগামীকাল তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পাবে। তবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

চট্টগ্রাম বিভাগে কেন তাপমাত্রা কমতে পারে—এর কারণ প্রসঙ্গে নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে মেঘ জমা হয়েছিল। বরিশাল ও খুলনা বিভাগের এই মেঘ সন্দীপ হয়ে চট্টগ্রামে প্রবেশ করেছে। ফলে গতকাল রাতে চট্টগ্রামের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। আজ সেখানে দিনের তাপমাত্রা কমতে পারে।

গত বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

গত বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। শুক্রবার দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর গত শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়—৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

## বেড়েছে রাজধানীর তাপমাত্রা
রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর মধ্যে রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে। এ দুইয়ের ব্যবধান বাড়লে তাপমাত্রা বাড়তে থাকে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
