# খুলনায় ‘দেশি মদ্যপানে’ ৫ জনের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-19
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khulnay-desi-mdzpane-5-jner-mrritzu](https://dailyfulki.com/article/khulnay-desi-mdzpane-5-jner-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/550.md](https://dailyfulki.com/news/550.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

খুলনা নগরীর বয়রা শেরের মোড় এলাকায় ‘দেশি মদ্যপানের’ পর পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যান। হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ হিসেবে ‘অজ্ঞাত বিষক্রিয়া’র কথা উল্লেখ রয়েছে। তবে পুলিশ বলছে, হাতে তৈরি ‘দেশি মদ্যপানের’ পর তারা মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আবদুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠ সংলগ্ন আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)। এর মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে দেখা গেছে, শনিবার বিকাল সোয়া ৪টায় ওই পাঁচ ব্যক্তিতে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাদের মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই একে একে সবার মৃত্যু হয়। তখন স্বজনরা মরদেহ নিয়ে দ্রুত বাড়ি চলে যান।

ঘটনাস্থলে থাকা নগরীর সোনাডাঙ্গা থানার এস আই আবদুল হাই বলেন, ‘বিভিন্ন উপকরণ দিয়ে দেশি মদ তৈরি করে পান করছিলেন ছয় জন। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন, একজন বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারগুলো বাড়ি নিয়ে গেছে। ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
