# মানিকগঞ্জে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে কলেজছাত্র নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-05
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-duti-praivet-karer-sngghrshe-klejchatr-niht](https://dailyfulki.com/article/manikgnje-duti-praivet-karer-sngghrshe-klejchatr-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5465.md](https://dailyfulki.com/news/5465.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাড়াগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন রিপন হোসেন। পথে রাত সাড়ে ১০টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় বিপরীতদিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন হোসেন ও অপর প্রাইভেটকারের চালক শাহীন মিয়া আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপন হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহমেদ বলেন, দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
