# সাভারে নববর্ষের প্রথম খুন, আমিনবাজারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nbbrsher-prthm-khun-aminbajare-bzbsayeeke-nrrisngsvabe-htza](https://dailyfulki.com/article/savare-nbbrsher-prthm-khun-aminbajare-bzbsayeeke-nrrisngsvabe-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5403.md](https://dailyfulki.com/news/5403.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ইংরেজী নববষের্ প্রথম খুন হয়েছেন আমিনবাজারের এক ব্যবসায়ী। তাকে অত্যন্ত পৈশাচিক কায়দায় চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিহতের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন (৫০) ওই এলাকার মুখলেছুর রহমানের ছেলে। তিনি মূলত বিভিন্ন পাইকারি আড়ত থেকে জুতা কিনে এনে স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ ও বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘরে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে একা পেয়ে দুর্বৃত্তরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। শুক্রবার বিকেলের দিকে ঘরের ভেতর তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) জাকির হোসেন বলেন, দেলোয়ারের দুই চোখ উপড়ে ও গোপনাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। তিনি ওই বাসায় একা বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে যেকোনো সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
